বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ আটক আর্জেন্টিনার জার্সি পরিহিত মাদক ব্যবসায়ীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি প্রচার করা সেই উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়। পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরআগে সোমবার (২৯ জুন) তার দায়িত্ব জ্ঞানহীন কর্মকান্ডের বিষয়টি তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর তাকে শোকজ করা হয়।
সূত্রমতে, সোমবার (২৯ জুন) বিকেলে বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল থেকে মাদক কারবারি রাসেল হাওলাদারের আটকের তথ্য ও ছবি পত্র-পত্রিকায় মেইল পাঠানো হয়। মেইল পাঠানো ওই ছবিতে দেখা যায় আটক রাসেলের গায়ে ব্রাজিলের জার্সি। কিন্তু আটকের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি পরা ছিল। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মেসেঞ্জার গ্রুপ ও ফেসবুক ওয়াল থেকে পোষ্ট করা ছবি সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ। তিনি বলেন-আমার ভুল হয়েছে। আমি মজা করতে গিয়ে এমনটা করেছি। মিডিয়া সেলের দায়িত্বে থেকে এমনটা করা উচিত হয়নি। আমি সব জায়গা থেকে ছবি ডিলিট করে দিয়েছি।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম নগরীর দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করে। এ সময় আঁখি নামের আরেক নারী মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি থাকলেও পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরানো ছবি প্রচার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি পরা ছিল বলে নিশ্চিত করেছন কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।
জানা গেছে, গণমাধ্যমে ভুল তথ্য এবং এআই দিয়ে বানানো ছবি পাঠানো মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল আহমেদ আর্জেন্টিনার সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ে কর্মরত আছেন। যদিও এ বিষয় নিয়ে সচেতন বরিশালবাসী জানিয়েছেন, এভাবে এআই প্রযুক্তি দিয়ে যেকোন আসামির সামনে অবৈধ কিছু রেখে প্রচার করা হলে মানুষ তাহাই বিশ্বাস করবে। একটি দায়িত্বশীল পদে থেকে এধরনের অপেশাদার আচারণ কোনভাবেই মেনে নেয়া যায়না। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, মঙ্গলবার (৩০ জুন) উপ-পরিদর্শক তানজিল আহমেদকে কমিশনার স্যার নিজ দপ্তরে তলব করেছিলেন। তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি মিডিয়া উইং থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে বিষয়টি কমিশনার স্যার নিশ্চিতভাবে বলতে পারবেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।