দেশেজুড়ে হঠাৎ হামের বিস্তার বেড়েই চলছে। প্রতিনিয়ত মৃত্যু পাশাপাশি আক্রান্ত হচ্ছে শত শত শিশু। খালি হচ্ছে মায়েদের ভরা কোল। সবশেষ গত গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন শিশু।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬২৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৭১৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১ জন। এ সময়ে ৮৮২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৮ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন। এর মধ্যে ৮৫ হাজার ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।