স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৬:০৮ পিএম
স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

স্বাস্থ্য বিষয়ক গবেষণায় অবদান রাখার জন্য ২০২৪ সালের প্রফেসর ইমেরিটাস ড. মুক্তার মুহাম্মদ আলী অ্যওয়ার্ড লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের অতিরিক্ত প্রধান চিকিৎসক (চুক্তিভিত্তিক) ডা. মো. আব্দুল ওয়াদুদ (নাজিব ওয়াদুদ)। বুধবার (১ জুলাই) রাবি পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর মামুনুররশীদ এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটর ভাইস চ্যান্সেলর প্রফেসর ছায়েদুর রহমান আনুষ্ঠানিকভাবে ডা. ওয়াদুদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। 

পিএইচডি গবেষণাকালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা এবং মান বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে প্রতি বছর একজন গবেষককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডা. ওয়াদুদ তার পিএইচডি গবেষণাকালে (২০২১-২০২৪) স্কপাস (ঝঈঙচটঝ) অনুমোদিত জার্নালে মোট বারটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। একই সময়ে অন্যান্য জার্নালে তার আরও আটটি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডা. ওয়াদুদ ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) থেকে এমফিল এবং ২০২৪ সালে পরিসংখ্যান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।  উল্লেখ্য, ডা. নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে