আশাশুনিতে র ্যাব অভিযান চালিয়ে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ বিনষ্ট করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকাল ৩ টার সময় উপজেলার শ্রীউলা ইউনিয়নে এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আঃ মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আঃ হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র ্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী দু'ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ী, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ী রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছের ওজন অনুমান ১ হাজার ৩৪২ কেজি এবং মূল্য ১৩/১৪ লক্ষ টাকা। অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানাগেছে।