উইন্ডিজ সফর সামনে রেখে দল ঘোষণা দিলো কিউইরা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৭:২৩ পিএম
উইন্ডিজ সফর সামনে রেখে দল ঘোষণা দিলো কিউইরা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের এই সিরিজকে সামনে রেখে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জ্যাকব ডাফি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রথম সন্তানের বাবা হয়েছেন ডাফি। সেই কারণে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থেকে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এবার আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে যাচ্ছেন এই ডানহাতি পেসার। ১১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ক্যারিবীয় সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ১৬ সদস্যের দলে ডাফির পাশাপাশি জায়গা পেয়েছেন পেসার ম্যাথিউ ফিশারও। এই সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে তার। তবে কাজের চাপ সামলাতে সিরিজে বিশ্রামে রাখা হয়েছে কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্কের মতো গুরুত্বপূর্ণ পেসারদের। এছাড়া ইনজুরির কারণে থাকছেন না ব্লেয়ার টিকনার। পারিবারিক কারণ দেখিয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন ডেভন কনওয়ে। অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ দিতে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই দল গঠনের পরিকল্পনা করছে তারা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন তিনি। ডাফি ও ফিশারকে নিয়ে আশাবাদী কিউই কোচ। ওয়াল্টার বলেন, “জ্যাকব ও ম্যাথিউকে দলে পেয়ে ভালো লাগছে। তারা দলে নতুন উদ্দীপনা নিয়ে আসবে।” ফিশারকে নিয়ে তিনি বলেন, “প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া তার জন্য দারুণ একটি ব্যাপার। তার গতি ভালো এবং বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে বোলিং করার জন্য সে কঠোর পরিশ্রম করেছে।” ডাফির প্রশংসা করে ওয়াল্টার আরও বলেন, “গত কয়েক বছরে সব ফরম্যাটেই সে আমাদের অন্যতম ধারাবাহিক পারফরমার। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে বাড়তি শক্তি দেবে।” ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জুলাই গায়ানায়। প্রথম তিনটি ম্যাচ হবে গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে। শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হওয়ার পর এবার নতুন লক্ষ্য নিয়েই ক্যারিবীয় সফরে নামছে নিউজিল্যান্ড।