কুড়িগ্রামে এই প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. শাহিন খান (২৮)।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন খানের নিজ দখলীয় বসতবাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দ করা ক্রিস্টাল মেথ আইস একটি অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক, যা দেশে সীমিত পরিসরে উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথমবারের মতো উদ্ধার হলো বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস। এ বিষয়ে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।