আমতলীতে এইচএসসি পরীক্ষায় অংশ নিল ১,৮৭৪ পরীক্ষার্থী, অনুপস্থিত ৩৬

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:৫৩ পিএম
আমতলীতে এইচএসসি পরীক্ষায় অংশ নিল ১,৮৭৪ পরীক্ষার্থী, অনুপস্থিত ৩৬

আমতলী উপজেলায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল/কারিগরি) পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উৎসবমুখর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের ঘটনা ঘটেনি। উপজেলা একাডেমিক সুপারভাইজার কার্যালয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ১ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ১ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, আমতলী সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৫ জন, যার মধ্যে ১ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী। বকুলনেসা মহিলা কলেজ কেন্দ্রে মোট ৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৮ জন পরীক্ষায় অংশ নেয়। এ কেন্দ্রে ১২ জন অনুপস্থিত ছিল, যার মধ্যে ৪ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী। আমতলী সরকারি কলেজের বিএম শাখা কেন্দ্রে মোট ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন উপস্থিত ছিল। এ কেন্দ্রে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যার মধ্যে ৩ জন ছাত্র ও ২ জন ছাত্রী। আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২০ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং সবাই উপস্থিত ছিল। এ কেন্দ্রে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না। অন্যদিকে, আমতলী সরকারি কলেজের আলিম কেন্দ্রে মোট ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৮ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ১৪ জন, যার মধ্যে ৯ জন ছাত্র ও ৫ জন ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে এবং কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভবিষ্যতেও একইভাবে পরীক্ষা পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে