মিয়ানমারে পরপর বিস্ফোরণে কেঁপে উঠছে উখিয়া-টেকনাফ সীমান্ত, আতঙ্ক বিরাজ

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ১২:৪৩ পিএম
মিয়ানমারে পরপর বিস্ফোরণে কেঁপে উঠছে উখিয়া-টেকনাফ সীমান্ত, আতঙ্ক বিরাজ
ছবি, সংগৃহীত

মিয়ানমারের অভ্যন্তরে পরপর চারটি ভারী মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা। গত বুধবার রাত সাড়ে ৯টার পর মাত্র ১৫ মিনিটের মধ্যে চারটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে, যা জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি কাঁপিয়ে দেয়। ভয়ে অনেকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরেও টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের শব্দের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।’

স্থানীয় বাসিন্দা হুমায়ুন রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুপুরের দিকে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে হোয়াইক্যং সীমান্তের বাড়িঘর কেঁপে ওঠে। এ পর্যন্ত অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় ধোঁয়া দেখা গেছে। ধোঁয়ায় পাখিদের উড়ে অন্যত্র চলে যাওয়ার দৃশ্য দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিওতে।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘প্রায় এক বছর ধরে হোয়াইক্যং সীমান্তের ওপারে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। তখন সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে দিন কাটিয়েছেন। এখন আবারও নতুন করে হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইনে হামলা ও সংঘর্ষ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

হ্নীলা মৌলভীবাজারের বাসিন্দা আবুল ফজল  বলেন, ‘সকালে নাফ নদে মাছ ধরতে গিয়েছিলাম। দুপুরের দিকে মৌলভীবাজারের ওপারে রাখাইন সীমান্ত থেকে একের পর এক বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা যায়। আতঙ্কে  দ্রুত ফিরে আসি। উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার খাইংখালী, পালংখালী, রহমতের বিল, আঞ্জুমান পাড়া ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, পৌরসভা, সাবরাং ও শাহপরীর দ্বীপ সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে  বিকট শব্দে সীমান্তবর্তী বাসিন্দাদের বাড়িঘর কেঁপে ওঠে। 

টেকনাফ সদর ইউনিয়নের নাট্যংপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, মিয়ানমারে থেকে অনেক দিন পরে বোমার এমন শব্দ কোনো দিন শুনিনি। মনে হয় বাংলাদেশ সীমান্তেই হামলা হচ্ছে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবির চৌকস সৈনিকদের নিয়ে আমরা সীমান্তে অবস্থান করছি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি জানান। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে বিজিবি।

আপনার জেলার সংবাদ পড়তে