প্রশাসনিক পুনর্বিন্যাস

নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা জরুরি

এফএনএস
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ০৩:৪০ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৩:৪০ পিএম
নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা জরুরি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসে একটি বড় পদক্ষেপ। একই সঙ্গে চট্টগ্রামে নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দেশের প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার পাশাপাশি নগর উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এরইমধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ঢাকা মহানগর পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে এ প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার সূচনা হয়। পরিকল্পনা অনুযায়ী পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনার কার্যালয় স্থাপন করা হবে। একই সঙ্গে বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলছে। প্রায় ৬ হাজারের বেশি জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রয়েছে। এ উদ্যোগ পূর্বাচলকে পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে সহায়ক হবে। আমাদের মতে, প্রশাসনিক পুনর্বিন্যাস ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পাশাপাশি নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবার সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুধু পুলিশ ক্যাম্প বা নতুন থানা স্থাপন নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক সেবাগুলোও সমান গুরুত্ব পেতে হবে। পূর্বাচলকে ঢাকার সঙ্গে যুক্ত করার ফলে জনসংখ্যার চাপ ও নগরায়ণের চ্যালেঞ্জ আরও বাড়বে। তাই শুরু থেকেই টেকসই নগর পরিকল্পনা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন উপজেলা ও থানা গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরও শক্তিশালী করা। এতে জনগণের কাছে সেবা পৌঁছানো সহজ হবে। তবে প্রশাসনিক পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গে দক্ষ জনবল, পর্যাপ্ত বাজেট এবং কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। অন্যথায় নতুন কাঠামো শুধু কাগজে সীমাবদ্ধ থেকে যাবে। আমাদের প্রত্যাশা, পূর্বাচলসহ নতুন প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের মাধ্যমে নগর উন্নয়ন ও জনসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। পরিকল্পিত উদ্যোগই পারে নগরায়ণকে টেকসই ও জনবান্ধব করে তুলতে।

আপনার জেলার সংবাদ পড়তে