রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্জেন্টিনার জয়, শেষ ষোলোতে প্রতিপক্ষ কে?

এফএনএস ক্রিয়া প্রতিবেদক:
| আপডেট: ৪ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ১১:৪৩ এএম
রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্জেন্টিনার জয়, শেষ ষোলোতে প্রতিপক্ষ কে?

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের স্বভাবসুলভ দাপট দেখিয়ে শুরু করলেও, কেপ ভার্দের দুর্দান্ত প্রত্যাবর্তনে বিপাকে পড়ে যায়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জিতে তারা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। লিওনেল মেসি নিজের ২০তম বিশ্বকাপ গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান।

আজ শনিবার মায়ামিতে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণের ধার সবকিছুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সমন্বয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে স্কালোনির দল। 

ম্যাচের ২৯ মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ করে বল জালে জড়ালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি! আর এই জাদুকরী গোলের সঙ্গেই ফুটবল ইতিহাস নতুন করে লিখলেন এলএমটেন।

বিশ্বকাপে এটি মেসির রেকর্ড ২০তম গোল! শুধু তাই নয়, নকআউট পর্বে গোল এবং অ্যাসিস্টের হিসাব মিলিয়ে ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে গোল অবদানে এখন বিশ্ব ফুটবলের এককভাবে নাম্বার ওয়ান লিওনেল মেসি।

তবে মেসির রেকর্ডের রাতে সহজে দমে যায়নি লড়াকু কেপ ভার্দেও। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে গোল শোধ করে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ১-১ সমতায় শেষ করে তারা। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

নাটকের আসল অঙ্কটা যেন তোলা ছিল এখানেই! অতিরিক্ত সময়ের খেলা শুরু হতে না হতেই আবারও জ্বলে ওঠে আর্জেন্টিনা। দুর্দান্ত এক আক্রমণে লিসান্দ্র মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

কিন্তু রোমাঞ্চের তখনও বাকি ছিল। আর্জেন্টিনার লিড নেয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কেপ ভার্দে। ম্যাচের ঠিক ১০২ মিনিটে এক অবিশ্বাস্য শট থেকে গোল শোধ করে আবারও ম্যাচে ২-২ সমতা ফেরায় কেপ ভার্দের ক্যাব্রাল।

সবাই যখন টাইব্রেকারের হিসাব কষতে শুরু করেছেন, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ১১১ মিনিটে মেসির ক্রসে রোমেরোর হেডে কেপ ভার্দের জালে বল জড়িয়ে জয় নিশ্চিত হয় স্কালোনির শিষ্যদের। 

শেষ মুহূর্তের মরিয়া আক্রমণেও কেপ ভার্দে আর সমতা ফেরাতে পারেনি। শেষ বাঁশি বাজতেই স্বস্তির উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টাইন ফুটবলাররা।

এই জয়ের ফলে শেষ ষোলোয় আর্জেন্টিনা মিশরীয় বাধা মোকাবিলা করবে। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে মিশরে। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে তারা। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে নতুন ইতিহাস লিখেছে আফ্রিকার দলটি, আর এবার সেই স্বপ্নযাত্রার সামনে দাঁড়াবে আর্জেন্টিনা।

আপনার জেলার সংবাদ পড়তে