বিচারের নামে অবিচার নয়, স্বচ্ছতার সঙ্গে হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৪ জুলাই, ২০২৬, ০২:৪২ পিএম | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০২:৩৯ পিএম
বিচারের নামে অবিচার নয়, স্বচ্ছতার সঙ্গে হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়ে বললেন, “বিচারের নামে অবিচার নয় আইন মেনে স্বচ্ছতার সঙ্গে হত্যাকাণ্ডের বিচার হবে।”

তারেক রহমানের ভাঁষায়, “আমরা চাই না বিচারের নামে আরেকটি অবিচার হোক। যারা অপরাধ করেছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হবে। কিন্তু সেই বিচার হতে হবে আইন মেনে, স্বচ্ছ প্রক্রিয়ায়।”

প্রধানমন্ত্রী বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন। আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।”

‘যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম- মা, আপনার ওপর ১৭ বছর যে অন্যায়-জুলুম, মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নিই? মা বলত- প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একই প্রশ্ন করলে, আমার ভাইও একই কথা বলত। ১৭ বছর আগে যাদের সহকর্মী হিসাবে পেয়েছিলাম, তাদের অনেককেই হারিয়েছি, কারও কারও অঙ্গহানি হয়েছে। শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা আমিও অনুভব করি’-যোগ করেন তিনি।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে এসে তাদের সন্তান ও স্বজনদের হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এ সময় এক শহীদ জননী তার সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও তার অশ্রু ধরে রাখতে পারেননি। অকপটেই তার চোখে পানি চলে আসে। এ সময় প্রধানমন্ত্রীর দু'চোখে পানি টলমল করতে দেখা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে