বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলা হয়েছে। সংসদে দেওয়া বক্তব্যে আমি ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহের দাবি তুলেছি। শনিবার দুপুর দুইটায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেছেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে বরিশাল অঞ্চলের ১৮ জন বিএনপির সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এসব দাবি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজাতে ২১ জেলার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হয়েছিল। জাতীয় বাজেট প্রসঙ্গে মজিবর রহমান সরোয়ার বলেন, এতো বড় বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ আওয়ামী লীগ নিয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন। ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে একটি ছাত্র সংসদও নেই। ছাত্র সংসদ না থাকলে নতুন নেতৃত্ব তৈরি হবে কীভাবে।
আক্ষেপ করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। সেই কমিটমেন্ট কোথায়? এনসিপি প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে এনসিপি পাঁচ-দশ হাজার লোকও একত্রে করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে-ই রাজনীতি করুক, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন হতে হবে। যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নেননি, তাদেরও স্বাধীন দেশের সুফল ভোগের সমান অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে আরও উন্নত অবস্থানে পৌঁছে দেওয়া সম্ভব। এ সময় তিনি বলেন, বরিশাল বিভাগীয় জাদুঘর বরিশাল থেকে পরিচালনা করা এবং সকল বিভাগীয় অফিস বরিশালে স্থাপন করার জন্য দ্রুত গুরুত্ব আরোপ করেন। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে গণমাধ্যমসহ সবার দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় বাজেটের দক্ষিণাঞ্চলের জন্য অপর্যাপ্ত বরাদ্দের ক্ষোভ প্রকাশ করলে তিনি এ বিষয় প্রধানমন্ত্রী বরাবর তুলে ধরা হবে বলে আশ্বাস প্রদান করেছেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান ইসরাইল পণ্ডিত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ।