মোহনপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০১:১১ পিএম
মোহনপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে পুলিশে সোপর্দ
রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দারাজ মৃধাকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দারাজ মৃধা উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া গ্রামের মৃত গণি মৃধার ছেলে। স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টার সময় দারাজ মৃধা নিজ বাড়ি ছাদে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি শিশুটির মাসহ প্রতিবেশীরা টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায় দারাজ। পরে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর থানায়। পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক শিশু এবং স্বজনের কাছে থেকে ঘটনা শুনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। কিন্তু অভিযুক্ত দারাজ মৃধার পক্ষের দালালদের চাপের মুখে শিশুটিকে ওইদিন রামেক হাসপাতালে ভর্তি করাতে পারেননি। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। শিশুর মা বলেন, ঘটনার পর বিষয়টি মোহনপুর থানা পুলিশকে জানানোর পরেও অভিযুক্ত দারাজ মৃধাকে গ্রেপ্তার না করে নাটক শুরু করে পুলিশ। বাধ্য হয়ে শনিবার রাত সাড়ে ৮ টার সময় স্থানীয়দের সহযোগিতায় দারাজ মৃধাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত দারাজ মৃধার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলা দায়ের পর আসামি দারাজ মৃধাকে শনিবার রাতে কেশরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে