ব্যানার-ফেস্টুন ছেড়ার অভিযোগ

জনপ্রিয়তা মানুষের হৃদয়ে গড়ে ওঠে: দেওয়ান জসীমউদ্দীন

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৪:০৪ পিএম
জনপ্রিয়তা মানুষের হৃদয়ে গড়ে ওঠে: দেওয়ান জসীমউদ্দীন
‘জনপ্রিয়তা মানুষের হৃদয়ে গড়ে ওঠে’— দেওয়ান জসীমউদ্দীন গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীমউদ্দীনের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কোনো ব্যক্তির জনপ্রিয়তা নষ্ট করা যায় না; জনপ্রিয়তা মানুষের হৃদয়ে গড়ে ওঠে। সোমবার (৬ জুলাই) রাতে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা, কালামপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, কয়েকটি স্থানে টানানো দেওয়ান জসীমউদ্দীনের ব্যানার ও ফেস্টুন দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে দেওয়ান জসীমউদ্দীন বলেন, “ব্যানার ছিঁড়ে জনপ্রিয়তা থামানো যায় না। জনপ্রিয়তা গড়ে ওঠে মানুষের হৃদয়ে, আর সেই ভালোবাসা কোনোভাবেই ছিঁড়ে ফেলা সম্ভব নয়। কালিয়াকৈর পৌরবাসীর আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন নিয়েই সামনে এগিয়ে যাব। কোনো ধরনের অপচেষ্টা বা নাশকতামূলক কর্মকাণ্ড আমাদের জনসম্পৃক্ততা ও মানুষের সেবার অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না। ইনশাআল্লাহ, জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব।” এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার সঙ্গে কারা জড়িত বা এর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার জেলার সংবাদ পড়তে