গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাব ও কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সহ-সভাপতি জাকির হোসেন কামাল, কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ, সাংবাদিক গোলাম সারোয়ার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, মাহবুবুর রহমান, আকরাম হোসেন রিপন প্রমুখ।
বিদায়ী বক্তব্যে ইউএনও বলেন, আজকের এই বিদায় মুহূর্তে আমি এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। বিদায় মূহুর্তে এমন একটি আনুষ্ঠানিকতা বিগত দিনের কাজের বড়ো স্বীকৃতি। আপনারদের এ ভালোবাসা আমাদের কাজের স্পৃহা অনেক গুন বাড়িয়ে দিবে। উপজেলা প্রশাসনে কাটানো প্রতিটি দিন আমার চাকরি জীবনের সেরা সময়গুলোর একটি। যখন আমি এখানে যোগ দিয়েছিলাম, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, তা আমি কখনোই ভুলব না। এখানে কাজ করতে গিয়ে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান আমি পেয়েছি, তা আমার জীবনের এক পরম প্রাপ্তি। আমার কাজের ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং প্রতিটি পদক্ষেপে আমাকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমি হয়তো নতুন কোনো কর্মপরিবেশে যুক্ত হচ্ছি, তবে কাপাসিয়ায় কাটানো স্মৃতিগুলো আমার হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন বলেন, আজ আমরা এখানে আনন্দ এবং বেদনার এক মিশ্র অনুভূতি নিয়ে সমবেত হয়েছি। আনন্দ এই কারণে যে, আমাদের একজন অত্যন্ত গুণী ও সুযোগ্য নির্বাহী অফিসার তার কর্মজীবনের পদোন্নতির একটি নতুন অধ্যায়ে পা রাখছেন। আর বেদনা, কারণ আমাদের প্রতিদিনের হাসিখুশি ও কাজের মুহূর্তগুলো থেকে তিনি আজ বিদায় নিচ্ছেন। উনার সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ছিল। বিশেষ করে যেকোনো কাজে তার ধৈর্য ও নেতৃত্ব আমাদের মুগ্ধ করেছে। তিনি শুধু একজন ভালো অফিসারই নন, বহু গুণে গুণান্বিত আমাদের সকলের একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তার অভাব আমাদের হৃদয়ে সবসময় অনুভূত হবে। উনার ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। সেই সাথে কর্মময় জীবনের নানাবিধ অভিজ্ঞতা আমাদের চলার পথে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মঞ্জুরুল হক গাজী। পরে সমবেত সাংবাদিকরা আন্তরিক ভাবে বিদায়ী ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। শেষে উপস্থিত সকলের সুস্থতা এবং ইউএনও মহোদয়ের সার্বিক সাফল্য কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।