সৈয়দপুরে টানা বৃষ্টিতেও কমেনি ভ্যাপসা গরম, জনজীবনে অস্বস্তি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০২:৩০ পিএম
সৈয়দপুরে টানা বৃষ্টিতেও কমেনি ভ্যাপসা গরম, জনজীবনে অস্বস্তি

টানা কয়েক দিনের বৃষ্টিপাতেও নীলফামারীর সৈয়দপুরে ভ্যাপসা গরমের তীব্রতা কমেনি। বরং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বেড়েছে। দিনের পাশাপাশি রাতেও গরমের দাপটে স্বস্তি মিলছে না। ফলে শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

সোমবার থেকে বুধবার পর্যন্ত মাঝে মধ্যে বৃষ্টি হলেও রোদের দেখা মিলতেই গরম ও আর্দ্রতার কারণে পুরো শহরজুড়ে ভ্যাপসা পরিবেশ সৃষ্টি হয়। বাজার, অফিস-আদালত, যানবাহন এবং খোলা স্থানে কর্মরত শ্রমজীবী মানুষ চরম ভোগান্তির শিকার হন। অনেকেই জানান, বৃষ্টি হলেও গরম কমার পরিবর্তে শরীর আরও বেশি ঘেমে যাচ্ছে। দোকানপাট, হাট-বাজার ও সড়কে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম। বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং দেখা দিলে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যাচ্ছে।

সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের এক চিকিৎসক  জানান, অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে হিট এক্সহসশন, পানিশূন্যতা, ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের মৌসুমি রোগের ঝুঁকি বাড়ছে। তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া,পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র মতে, বৃষ্টিপাত হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। পর্যাপ্ত সময় ধরে ভারী বর্ষণ না হলে এই অস্বস্তিকর পরিস্থিতি পুরোপুরি কাটার সম্ভাবনা কম। সাংবাদিক আঞ্জেলো মন্ডল বলেন, বর্ষার বৃষ্টি আরও জোরালো হলে তবেই মিলবে কাঙ্ক্ষিত স্বস্তি এবং কমবে দীর্ঘদিনের ভ্যাপসা গরমের দুর্ভোগ।

আপনার জেলার সংবাদ পড়তে