নাটোরের সিংড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুন কে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার বিকেল ৪ টায় সিংড়া মাদ্রাসা মোড়ের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন ধুলাউড়ি গ্রামের প্রধান আখের আলী, কৃষক সিরাজ উদ্দিন, ব্যবসায়ী আবুল হোসেন, শামীম হোসেন প্রমূখ।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন বলেন, তিনি দীর্ঘ দিন ধরে এলাকার উন্নয়নে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডে নিবেদিত থেকে অসহায় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তার ভাবমূর্তি ক্ষুন্ন করতেই তার বিরুদ্ধে মারধর ও টাকা ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আর সিংড়া বাজারের যে দুই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা দাবি করা হয়েছে। সেই দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জাকির ট্রেডার্স ও সততা রাইচ এর স্বত্বাধিকারী গণমাধ্যম কর্মীদের কাছে জানিয়েছেন ঘটনার দিন গত ৫ জুলাই ব্যবসায়ী মামুনের সাথে তাদের কোন টাকা লেন দেন হয়নি। এতেই প্রমাণিত হয় গণঅধিকার পরিষদ নেতা মেহেদী হাসান মামুন তার জনপ্রিয়তায় ঈর্ষন্বিত হয়ে মিথ্যা অভিযোগ করছে। এহেন মিথ্যাচারে তার সম্মান ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এখন তাকে মিথ্যা মামলায় ফাঁসাতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে গণপরিষদ নেতা মেহেদী হাসান মামুন। তার মান ক্ষুন্ন করার ষড়যন্ত্রকারীদের গ্রেফতার দাবি করেন বিএনপি নেতা জয়নাল আবেদীন।