কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ১২:৩৯ পিএম
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র কাতারের আধুনিক রূপান্তরের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। রোববার (১২ জুলাই) দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল জাজিরা ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আমিরি দিওয়ানের বিবৃতিতে বলা হয়, “আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।”

১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার নেতৃত্বে দেশটি জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। তার শাসনামলেই কাতার বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

রয়টার্স জানায়, শেখ হামাদের শাসনামলে কাতার আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। একই সময়ে দেশটি বৈশ্বিক ক্রীড়া ও কূটনৈতিক অঙ্গনেও প্রভাব বিস্তার করে। তার সময়েই কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জন করে।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন এবং রাষ্ট্রের দায়িত্ব তুলে দেন তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে। ক্ষমতা হস্তান্তরের পর তিনি ‘ফাদার আমির’ নামে পরিচিত ছিলেন এবং রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মানজনক ভূমিকা পালন করে আসছিলেন।

শেখ হামাদের মৃত্যুর কারণ সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে তার মৃত্যুতে কাতারজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। আল জাজিরা জানিয়েছে, তার জানাজা এবং রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে বিস্তারিত ঘোষণা পরে দেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে