বাউফলে বিয়ের এক বছরের মাথায় পুত্রবধূ নিখোঁজ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ০৭:০৬ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৭:০৬ পিএম
বাউফলে বিয়ের এক বছরের মাথায় পুত্রবধূ নিখোঁজ

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ের মাত্র এক বছর তিন মাসের মাথায় দোলা মনি (১৯) নামের এক নববধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ১১ জুলাই (শনিবার) সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি মলিনা (৫১) বাদী হয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেছেন, যার জিডি নং- ৬০৩ (তারিখ: ১২/০৭/২০২৬)।

পারিবারিক ও জিডি সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙড়া গ্রামের বাসিন্দা মলিনার বড় ছেলে মো. রেজাউল ফকির (৩৩) ঢাকায় ব্যবসা করেন। বিগত ১ বছর ৩ মাস পূর্বে গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের লাভনা গ্রামের দুলাল সর্দারের মেয়ে দোলা মনির সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূ দোলা মনি গ্রামের বাড়িতে শাশুড়ির সঙ্গেই বসবাস করছিলেন।

জিডিতে শাশুড়ি উল্লেখ করেন, গত ১০ জুলাই রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন ১১ জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে জেগে মলিনা দেখতে পান যে তাঁর পুত্রবধূ দোলা মনি নিজ কক্ষে নেই। এরপর গ্রামের চারপাশ এবং পুত্রবধূর বাবার বাড়িসহ সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে দীর্ঘ খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিরুপায় হয়ে অবশেষে শাশুড়ি বাউফল থানার শরণাপন্ন হন।

নিখোঁজ গৃহবধূর বিবরণ: দোলা মনির বয়স ১৯ বছর, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, মাথার চুল প্রায় ২ ফুট লম্বা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য স্বাভাবিক। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল হলুদ রঙের কামিজ ও ওড়না। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

বাউফল থানার ডিউটি অফিসার মো. জাফর ইকবাল জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে