নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে নজির গড়েছে তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ফল প্রকাশের পর বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন। শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করে তাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, নিবিড় পরিচর্যা এবং শিক্ষার্থীদের পরিশ্রমের কারণেই এমন গৌরবজনক ফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অভিভাবকরা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা ও যত্নশীল পাঠদানের কারণেই তাদের সন্তানরা এ সাফল্য অর্জন করেছে। তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, একই প্রতিষ্ঠান থেকে ২৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে মোট ৪০ জনের বৃত্তি অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। এই সাফল্য সৈয়দপুরের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
ফলাফলের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে এমন কৃতিত্ব ধরে রেখে শিক্ষা ক্ষেত্রে আরও সুনাম অর্জন করবে। তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবাক করা ফলাফল জেলার মধ্যে এই প্রথম। একটি প্রতিষ্ঠান থেকে ৪০ জনের বৃত্তি লাভ বিরল দৃষ্ঠান্ত। এমন সুন্দর ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।