ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে

আটোয়ারীতে গায়েবানা জানাজা ও তিন দিনের শোক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়: | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৩:৪০ পিএম
আটোয়ারীতে গায়েবানা জানাজা ও তিন দিনের শোক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও মন্ত্রী এবং মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য পঞ্চগড় জেলা বিএনপি’র অভিভাবক ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার এঁর মৃত্যুতে পঞ্চগড়ের আটোয়ারীতেও তাঁর রুহের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বৃষ্টিকে উপেক্ষা করে শত শত মুসুল্লী অংশ নেন। জানাজা শুরুর পূর্বে সদ্য প্রয়াত নেতার সুদীর্ঘ রাজনৈতিক জীবনী উল্লেখ করে আলোচনা করেন উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম ও বদিউজ্জামান মানিক সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবর্গ। এদিকে জেলার অন্যান্য উপজেলার ন্যায় দলীয় ভাবে তিন দিনের শোক পালন করা হচ্ছে। প্রয়াত এই নেতার সম্মানে জেলার তিন উপজেলা আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়ায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষিত ছুঁটি হতে একদিনের সাধারণ ছুঁটি পালন করছে, বিষয়টি নিশ্চিৎ করেছেন উপজেলা মাধ্যমিক দপ্তর।

আপনার জেলার সংবাদ পড়তে