শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৩ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম
শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফাইল ছবি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে কিংবা বিদেশে যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, আইনি প্রক্রিয়া একই থাকবে এবং বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা দেশে ফিরলে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। ওনাকে জেলে যেতে হবে।”

তিনি আরও বলেন, “আইন আইনের গতিতে চলবে। আসামি যদি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দেয়, তাহলে আমি মনে করি, এসব উসকানিমূলক বক্তব্য দিয়ে তার দলের পালিয়ে থাকা নেতা কর্মীদের জাগ্রত করার চেষ্টা করছে। এ ছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না।”

আত্মসমর্পণের স্থান নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “উনি কী ভারতের নাগরিক? তাহলে ওখানে থানায় কী করবে না করবে সেটা ওনার ব্যাপার। উনি বিদেশে বাংলাদেশের মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা তার মুখোমুখি হতে হবে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক প্রক্রিয়ার আওতায় সরকার কাজ করছে। কোনো আসামি আত্মসমর্পণ করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের সময় ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানানো হলেও বর্তমান সরকার একই ধরনের পদক্ষেপ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “সবকিছু বিবৃতি দিয়ে আপনাদের বলার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের যে চলমান কথাবার্তা হয়, আলাপ হয়, বিনিময় হয়, তখন এ বিষয় আলোচনায় থাকে। একজন আসামি যদি দেশের বাইরে থাকে, সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে।”

তিনি আরও বলেন, “একজন আসামি কী বক্তব্য দেয়, সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নেবে না। বাংলাদেশের আইন অনুযায়ী একজনের সাজা হয়েছে। ইতোমধ্যে তিনি সাজাপ্রাপ্ত। আমাদের যে প্রক্রিয়া সরকার থেকে চলছে, সেটা চলমান আছে।”

আপনার জেলার সংবাদ পড়তে