চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৫) নামে ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই)সকালে উপজেলার দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। স্বপ্না ২০২৪ সালে শাহরাস্তি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কলসি মার্কায় নির্বাচন করেছিলেন। নিহত নাজমুন নাহার স্বপ্না কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা। তাঁর বাবা নজরুল ইসলাম এবং মা ফিরোজা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে স্বপ্না সবার ছোট। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জননী এবং একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। নিহতের বড় ভাই মোতালেব হোসেন বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। প্রথম স্বামী ওমর ফারুকের সঙ্গে সংসারে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। ওই সংসারে বিবাহবিচ্ছেদের পর তিনি
শাহাদাত হোসেনকে বিয়ে করেন। সেই সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। সবশেষে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক আবদ্ধ হন। ভবনের মালিক মেহেদী হাসান জানান, মাত্র চার দিন আগে নিহত নাজমুন নাহার সপ্নার স্বামীর পরিচয়ে রাসেল চৌধুরী নামে এক প্রবাসী ২ রুমের বাসাটি ভাড়া নেয়। সোমবার সকালে শিশুদের কান্না শুনে প্রতিবেশীরা বাসায় গিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সপ্নার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এদিকে খবর পেয়ে সোমবার শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত ও তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।