দুর্গম সীমান্তে বন্যার পানি মারিয়ে বানভাসি মানুষের পাশে বিজিবি

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৬:১১ পিএম
দুর্গম সীমান্তে বন্যার পানি মারিয়ে বানভাসি মানুষের পাশে বিজিবি

রাঙ্গামাটির সীমান্তবর্তী ছোট হরিনায় এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্গম সীমান্ত এলাকায় বন্যার পানি মারিয়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ছোট হরিনা জোন (১২বিজিবি)। এসময় ছোট হরিনা জোন (১২বিজিবি) এর উদ্যোগে বরকল উপজেলার সীমান্তবর্তী এ্যারাবুনিয়া ও আমতলায় তীব্র স্রোত আর প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়।

‎সাম্প্রতিক অতিবৃষ্টি জনিত কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে ছোট হরিনা জোন (১২ বিজিবি) এর উদ্যোগে জোন কমান্ডারের নেতৃত্বে সোমবার (১৩ জুলাই) সকালে বোট যোগে ও বন্যার পানিতে হেটে গিয়ে উপজেলার আমতলী গ্রাম ও এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৬০টি পরিবারের দুই শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, মোমবাতি এবং দিয়াশলাই প্রদান করেন। বন্যার কারণে খাদ্যসংকটে পড়া ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বিজিবির সদস্যরা সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

‎এ সময় জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। আমতলী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ত্রান সামগ্রী তুলে দেন এবং  সকলকে পানি বাহিত রোগ ও অন্যান্য অসুস্থ্যতা সম্পর্কে সর্তক করেন। তিনি আশ্বস্ত করেন যে, বিজিবি সবসময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

‎ছোট হরিনা  জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

‎এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ছোট হরিনা  জোন প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন। পানি বন্দী লোকজন ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে