দেশম যুগের ইতি, ফ্রান্সের ডাগআউটে কি এবার শুরু হচ্ছে জিদান অধ্যায়?

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০৪:০৮ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৪:০৮ পিএম
দেশম যুগের ইতি, ফ্রান্সের ডাগআউটে কি এবার শুরু হচ্ছে জিদান অধ্যায়?

বিশ্বকাপের টানা তৃতীয় ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হতে চলেছে দিদিয়ের দেশমের দীর্ঘ কোচিং অধ্যায়। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২,০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। এখন শনিবার (১৮ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই শেষবারের মতো ফরাসি জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে দেশমকে। এরপর তার উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার জোর সম্ভাবনার কথা জানাচ্ছে ফরাসি গণমাধ্যম।

২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেন দেশম। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স এবং ২০২২ সালে রানার্সআপ হয়। এবার দলকে সেমিফাইনাল পর্যন্ত তুললেও স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই দেশম জানিয়েছিলেন, টুর্নামেন্ট শেষেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।

ফ্রান্সের ফুটবল ইতিহাসে দেশম অন্যতম সফল ব্যক্তিত্ব। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে দেশকে প্রথম বিশ্বকাপ জেতানোর পর ২০১৮ সালে কোচ হিসেবেও শিরোপা এনে দেন। ফলে খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ী ফুটবল ইতিহাসের বিরল ব্যক্তিত্বদের একজন হয়ে ওঠেন তিনি।

বিশ্বকাপে দেশমের অধীনে ফ্রান্স ২৬টি ম্যাচ খেলেছে। এর মধ্যে পরিসংখ্যান অনুযায়ী তার মাত্র তিনটি আনুষ্ঠানিক হার রয়েছে। সেগুলো হলো ২০১৪ সালের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে, ২০২২ সালের গ্রুপ পর্বে তিউনিসিয়ার বিপক্ষে এবং এবার স্পেনের বিপক্ষে সেমিফাইনালে। ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারলেও ফিফার নিয়ম অনুযায়ী সেই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ড্র হিসেবে গণ্য হওয়ায় তা পরাজয়ের তালিকায় যোগ হয়নি।

জাতীয় দলের কোচ হিসেবে দেশমের সামগ্রিক রেকর্ডও ঈর্ষণীয়। ১৮৪ ম্যাচে তার অধীনে ফ্রান্স জিতেছে ১২০টি, ড্র করেছে ৩৫টি এবং হেরেছে ২৯টি।

দেশমের বিদায়ের পর ফ্রান্সের নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জিনেদিন জিদানের নাম। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি দলের অন্যতম নায়ক ছিলেন তিনি। পরে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানোর কীর্তিও গড়েন।

ফরাসি গণমাধ্যমের দাবি, আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও দেশমের উত্তরসূরি হিসেবে জিদানই দায়িত্ব নিতে যাচ্ছেন। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পরই শেষ হবে দেশম অধ্যায় এবং শুরু হবে জিদান যুগ।

আপনার জেলার সংবাদ পড়তে