বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ স্কালোনি, বললেন, ‘ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ’

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম
বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ স্কালোনি, বললেন, ‘ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ’

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার কথা আবারও উঠে এলো বিশ্বমঞ্চে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের কোটি সমর্থকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, সেমিফাইনালে জয় দিয়ে বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবারই বিস্মিত করে। আর্জেন্টিনা থেকে এত দূরের একটি দেশ, তবু আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব।”

বাংলাদেশের রাস্তায় আর্জেন্টিনার জার্সি গায়ে সমর্থকদের উচ্ছ্বাসের কথাও তুলে ধরেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ। তিনি বলেন, “আপনাদের দেশে মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে গর্বের সঙ্গে দেখতে পাওয়া আমাদের জন্য এক অনন্য অনুভূতি।”

বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্কালোনি আরও বলেন, “আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।” আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা তাদের আরও একটি জয় উপহার দিতে পারলে খুব খুশি হবো। আশা করি বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব। এজন্যই তো আমরা এখানে এসেছি।”

নিজেদের পারফরম্যান্স নিয়েও কথা বলেন স্কালোনি। তার ভাষায়, সমালোচনা থাকলেও দল শেষ চারে উঠেছে, সেটিই প্রমাণ করে তারা ভালো ফুটবল খেলেছে। তিনি বলেন, “এই পর্যায়ে উঠতে হলে নিশ্চয়ই আমরা ভালো কিছু করেছি। আমি এই ছেলেদের কাছে কৃতজ্ঞ, কারণ ওরাই আবার আমাদের বিশ্বের সেরা চার দলের মধ্যে নিয়ে এসেছে। এখানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে।”

ইংল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন আর্জেন্টাইন কোচ। হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের প্রশংসা করে তিনি বলেন, “কেইন ও বেলিংহ্যাম এমন দুই ফুটবলার, যাদের যে কোনো কোচই দলে চাইবেন। তবে তাদের থামাতে আমাদেরও নিজস্ব পরিকল্পনা রয়েছে।”

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচকে ঘিরে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গও ওঠে। তবে স্কালোনি স্পষ্ট জানিয়ে দেন, ইতিহাস আর ফুটবলকে এক করে দেখতে চান না। তিনি বলেন, “এটা শুধুই একটি ফুটবল ম্যাচ। ইতিহাসকে আমরা অবশ্যই স্মরণ করি, কিন্তু ফুটবলকে যুদ্ধের সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক নয়।”

বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়, তা বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। বড় পর্দায় খেলা দেখা, নীল সাদা পতাকার মিছিল এবং জয় উদযাপনের সেই চিত্র এবারও নজর কেড়েছে আর্জেন্টাইন শিবিরের। সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই বাংলাদেশের মানুষের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানালেন লিওনেল স্কালোনি।

আপনার জেলার সংবাদ পড়তে