স্কালোনির জন্যই আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ দে লা ফুয়েন্তে

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৪:১০ পিএম
স্কালোনির জন্যই আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ দে লা ফুয়েন্তে

ফ্রান্সকে ২,০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কাকে চান, এমন প্রশ্নের জবাবে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বেছে নিয়েছেন আর্জেন্টিনার নাম। তবে এর পেছনে ফুটবলীয় কোনো হিসাব নয়, বরং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকেই কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে ফ্রান্সকে হারানোর পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, “স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আমি চাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। তবে ইংল্যান্ডও সমান কঠিন প্রতিপক্ষ। দুই সেমিফাইনালই আসলে ফাইনালের আগের ফাইনালের মতো।”

স্পেন কোচ মনে করেন, এবার বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেওয়া চারটি দলই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, “ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল এবার প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। তাই যে দলই ফাইনালে আসুক, ম্যাচটি হবে অত্যন্ত কঠিন।”

ফ্রান্সের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন দে লা ফুয়েন্তে। তার ভাষায়, “আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে, এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা সব প্রশংসার দাবিদার। তাদের নিবেদন, উদারতা ও প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলাটা ছিল দেখার মতো।”

স্পেনের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণ হবে বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের পর। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও।

স্কালোনি বলেন, “লুইসের জন্য আমি খুবই আনন্দিত। সে দারুণ একজন মানুষ এবং এই সাফল্যের পুরোপুরি যোগ্য। কোচিং কোর্স করার সময় সে আমাকে সবসময় সহযোগিতা করেছে।”

দুই কোচের বন্ধুত্বের প্রসঙ্গ উঠলে স্কালোনি মজার ছলেই বলেন, “আমি তাকে ফোন করব কি না, সেটা নির্ভর করবে আমাদের ফলাফলের ওপর। আমরা জিতলে ফোন করব না। হারলে হয়তো তাকে ফোন করে সাহায্য চাইব। তবে আশা করি, ফাইনালের আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।”

স্পেন ও আর্জেন্টিনার দুই কোচের সম্পর্কের শুরু অনেক আগে। স্কালোনি যখন স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন, তখন তার প্রশিক্ষকদের একজন ছিলেন দে লা ফুয়েন্তে। সেই সময় থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব। এবার সেই সম্পর্কই বিশ্বকাপের ফাইনালে সম্ভাব্য এক আকর্ষণীয় লড়াইয়ের বাড়তি মাত্রা যোগ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে