বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২,০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্সের ঘাটতি স্বীকার করলেও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ফরাসি প্রধান কোচ দিদিয়ের দেশম। তার দাবি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য মূল রেফারি যথেষ্ট উপযুক্ত ছিলেন কি না, সেই প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, মাঠের খেলায় স্পেনই ছিল ভালো দল। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
মঙ্গলবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরুতেই পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে ফ্রান্স। এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ২,০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশম বলেন, হারের পর রেফারিং নিয়ে কথা বললে অনেকেই অজুহাত হিসেবে দেখবেন। তারপরও তিনি প্রশ্ন রাখেন, "আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তাহলে হয়তো আমাকে 'ক্রাই বেবি' মনে হবে। কিন্তু আমি আপনাদেরই জিজ্ঞাসা করছি, এই রেফারি কি একটি বিশ্বকাপ সেমিফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ ছিলেন। কিন্তু মূল রেফারি?"
৩৫ বছর বয়সী এল সালভাদরের রেফারি ইভান বার্টনের পরিচালনা নিয়ে শুধু শুরুর পেনাল্টির সিদ্ধান্তেই আপত্তি ছিল না দেশমের। পুরো ম্যাচেই কিছু সিদ্ধান্ত তাকে হতাশ করেছে বলে জানান তিনি।
ফরাসি কোচের ভাষায়, "পেনাল্টির বিষয়টি ছিল, তবে শুধু সেটিই নয়। সবকিছু মিলিয়েই আমার এমনটা মনে হয়েছে। আজকের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। তবে আপনারা নিজেদেরই প্রশ্ন করে দেখুন। আমি শুধু আজ হেরেছি বলেই এ কথা বলছি না। কিছু সিদ্ধান্ত পক্ষপাতমূলকও মনে হয়েছে।"
তবে রেফারিংকে হারের একমাত্র কারণ হিসেবে দেখাতে চাননি ২০১৮ বিশ্বকাপজয়ী এই কোচ। বরং তিনি অকপটে স্বীকার করেছেন, টেকনিক্যাল ও শারীরিক দুই দিকেই স্পেন এগিয়ে ছিল।
দেশম বলেন, "খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিধ্বস্ত। কিন্তু আমাদের সৎ হতে হবে। আমরা টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে ছিলাম। হারের মূল কারণ হলো, আমরা নিজেদের পারফরম্যান্সের মান অনুযায়ী খেলতে পারিনি।"
ম্যাচে ভুল পাস ও টেকনিক্যাল ভুলের কথাও আলাদা করে উল্লেখ করেন তিনি। দেশমের মতে, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এমন ভুলের মূল্য দিতেই হয়।
তিনি বলেন, "আমরা এমন কিছু টেকনিক্যাল ভুল করেছি এবং ভুল পাস দিয়েছি, যেখান থেকে গোলের সুযোগ তৈরি হতে পারত। এটি সর্বোচ্চ পর্যায়ের খেলা।"
সেমিফাইনালের হতাশা সত্ত্বেও পুরো টুর্নামেন্টে দলের অর্জনকে ছোট করে দেখতে নারাজ ফরাসি কোচ। সামনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষবারের মতো দলের দায়িত্ব পালন করবেন তিনি।
দেশম বলেন, "আমরা এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলব। আমরা যা অর্জন করেছি, তার সবটুকু মুছে ফেলতে চাই না। তবে এই ম্যাচে স্পেন আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে।"