চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। তার বদলি হিসেবে গল গ্যালান্টস দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে গল গ্যালান্টস।
বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে গল গ্যালান্টস জানায়, বাংলাদেশের চলমান জিম্বাবুয়ে সফর শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন সোহান। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, “অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান তার স্বদেশী লিটন কুমার দাসের বদলি হিসেবে গল গ্যালান্টসে যোগ দিচ্ছেন। চোটের কারণে লিটন এলপিএল থেকে ছিটকে গেছেন। বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ শেষে নুরুল দলে যোগ দেবেন এবং ডাম্বুল্লা পর্ব থেকে তাকে পাওয়া যাবে।”
এর আগের দিন থেকেই নতুন বাংলাদেশি ক্রিকেটারকে ঘিরে কৌতূহল তৈরি করেছিল গল গ্যালান্টস। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তারা প্রশ্ন রেখেছিল, “আপনার মতে কোন বাংলাদেশি ক্রিকেটার গল গ্যালান্টসে যোগ দিচ্ছেন?” শেষ পর্যন্ত সেই রহস্যের সমাধান হলো সোহানকে দিয়েই।
দেশের ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে সুযোগ পাননি সোহান। যদিও লিটন ও সোহান দুজনই উইকেটকিপার, তবে তাদের ব্যাটিং ভূমিকা ভিন্ন। লিটন মূলত টপ অর্ডারের ব্যাটার, আর সোহান ব্যাট করেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে।
১৬ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৪০ ম্যাচ খেলেছেন সোহান। ২২.৩৭ গড়ে করেছেন ৩ হাজার ৩১১ রান। তার স্ট্রাইক রেট ১২৫.১৩। এই সংস্করণে চারটি ফিফটির পাশাপাশি উইকেটের পেছনে ২০৮টি ডিসমিসালও করেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগেও বেশ অভিজ্ঞ সোহান। বিপিএলে আটটি ভিন্ন দলের হয়ে ১২৬ ম্যাচে খেলেছেন তিনি। করেছেন প্রায় দেড় হাজার রান। যদিও ফিফটি রয়েছে মাত্র একটি।
অন্যদিকে চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। পরে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের জন্য গেলেও মাঠে নামা হয়নি। এলপিএলের পুরো মৌসুম খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়েছিলেন তিনি। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ শেষ করেই গল গ্যালান্টসের সঙ্গে যোগ দেবেন সোহান। নতুন এই চ্যালেঞ্জে বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন জাতীয় দলের এই অভিজ্ঞ উইকেটকিপার।