পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে

বাংলাদেশের সাথে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৪:৫০ পিএম
বাংলাদেশের সাথে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতের উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুদেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে উভয়পক্ষ পারস্পরিকভাবে লাভজনক প্রকল্প এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের এক বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন বিডার নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এসময় পিপিপি কর্তৃপক্ষ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৌদি উপমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যবসা সহজীকরণের ওপর গুরুত্বারোপকে স্বাগত জানান। তিনি বলেন, এই অগ্রাধিকার সৌদি আরবের নিজস্ব কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। 

সৌদি আরব বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোকে বিদেশি বিনিয়োগে সহযোগিতা করছে। তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেন এবং সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও সহায়তার আশ্বাস দেন। আলোচনায় সৌদি উপমন্ত্রী চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনাল (জঝএঞ)-এর কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জঝএঞ-এর বাংলাদেশ কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। টার্মিনাল পরিচালনায় দক্ষতা তৈরি, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ অনুসন্ধানে আগ্রহী জঝএঞ। 

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও সহায়তার আশ্বাস দেন তিনি। পারস্পরিকভাবে লাভজনক প্রকল্প এগিয়ে নিতে বর্তমান সময়ের ইতিবাচক গতিকে কাজে লাগানোর ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।

“আমাদের আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে, যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও দৃঢ় সামঞ্জস্য আছে-বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, যা কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বন্দর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ আর্থিক সেবা খাতেও বিনিয়োগ সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে। আমরা ইতোমধ্যে একাধিক সৌদি কোম্পানির সঙ্গে কাজ করছি, যাতে তারা বাংলাদেশে বিদ্যমান সুযোগগুলো ভালোভাবে বুঝতে পারে এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ আলোচনা এগিয়ে নেওয়া যায়,”বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

আপনার জেলার সংবাদ পড়তে