ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করার পর শনিবার (১১ জুলাই) তাকে কলকাতার ইকবালপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।
অভিনেতার মেয়ে মধুবন্তী মুখার্জি ভারতীয় গণমাধ্যমকে জানান, শনিবার (১১ জুলাই) বাড়িতে হঠাৎ করেই বুকে অস্বস্তি ও তীব্র ব্যথা অনুভব করেন সুমন্ত মুখার্জি। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও ব্যথা না কমায় তাকে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়। ইসিজিসহ প্রাথমিক পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। প্রথম কয়েক ঘণ্টা তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও চিকিৎসায় দ্রুত সাড়া মেলে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন এবং খাবারও গ্রহণ করছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তার এনজিওপ্লাস্টি করার পরিকল্পনা করছেন।
অভিনেতা শুভ্রজিৎ দত্তও একটি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, “আপাতত প্রথম সারির একটি হাসপাতালে সুমন্ত মুখার্জির চিকিৎসা চলছে। এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হতে পারে।”
বর্তমানে টেলিভিশনের ‘কুমকুম’ ধারাবাহিকে অভিনয় করছেন সুমন্ত মুখার্জি। তার অসুস্থতার খবর ইতোমধ্যে ধারাবাহিকটির শুটিং ইউনিটকেও জানানো হয়েছে। সম্প্রতি ওটিটি সিরিজ *‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’*তেও তাকে দেখা গেছে।
এদিকে পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর কানাইচরণ’-এও অভিনয় করার কথা রয়েছে তার। সিনেমাটিতে গোয়েন্দা কানাইচরণ চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সুমন্ত মুখার্জিকেও।