আমি প্রতারণা করিনি

১৬ বছর পর অতীতের বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

বিনোদন প্রতিবেদক | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৬:৪২ পিএম
১৬ বছর পর অতীতের বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

দীর্ঘ ১৬ বছর পর নিজের ব্যক্তিগত জীবন, অতীতের সম্পর্ক এবং তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, তাকে নিয়ে প্রচলিত ধারণার বিপরীতে তিনি কখনোই কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

পডকাস্টে প্রভা বলেন, দীর্ঘদিন ধরে তাকে এমন একজন হিসেবে দেখা হয়েছে, যিনি বিশ্বাস ভঙ্গ করেছেন। তবে বাস্তবে ঘটনার পেছনে আরও অনেক অজানা বিষয় ছিল, যা অনেকেরই জানা নেই।

অভিনেত্রী বলেন, “আমার ছোট্ট করে শুধু একটু বলার আছে। এটা যদিও খুব একটা প্রয়োজনীয় না। আমাকে মানুষজন বলে যে আমি বিশ্বাস ভঙ্গ করেছি। শুধু আমার এতটুকুই বলার আছে যে, আমি বিশ্বাস ভঙ্গ করিনি। ঘটনার পেছনে তো আসলে অনেক ঘটনা থাকে।”

তিনি জানান, বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পরিস্থিতি থামানোর চেষ্টা করেছিলেন। “প্রায় ১৫ থেকে ২০ দিন আমি আমার ফ্যামিলিকে এবং যার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছিল, তাকে বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু আমার একটা ভয়ও ছিল, প্রতিটা জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম, যেন এটা বিয়ে পর্যন্ত না গড়ায়।”

সেই সময়ের পারিবারিক পরিস্থিতির কথাও তুলে ধরেন প্রভা। তিনি বলেন, “মুরুব্বিরা মিলেই কথাবার্তা বলছিলেন। একটা পুরো সময় ছিল যখন আমার ফ্যামিলি এগেইন্সটে ছিল। কারণ ওই সময়ে ব্রোকেন ফ্যামিলি থেকে আসা একটা ছেলে, স্বভাবতই কেউ চাইত না। যদিও এখন আমরা দেখি, ব্রোকেন ফ্যামিলি থেকে আসা অনেক মানুষই খুব ভালোভাবে জীবন গড়ে তুলেছেন।”

এনগেজমেন্টের পর সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি সহজ ছিল না বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, “এনগেজমেন্ট হয়ে যাওয়া একটা জিনিসকে ভাঙা সহজ ছিল না। আমাদের প্রায় ৯ থেকে ১০ মাসের একটা গ্যাপ ছিল। ব্রেকআপ, প্যাচআপের যে সময়টা থাকে, সেটার মধ্য দিয়েই গিয়েছি।”

প্রভা আরও বলেন, “ওই সময় আমার জীবনে যা হয়েছে, আমি আমার লয়ালিটির জায়গা থেকে জানিয়েছি কার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। সবকিছুই অনেক ক্লিয়ার ছিল। এমন না যে একদিন সকালে হঠাৎ করে সবাই জানতে পারল।”

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “এক্সপ্লেনেশন করার কিছুই নাই। কারণ যারা আমাকে ভালোবাসে, তারা জানে আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমি আসলে প্রতারণা করিনি। ওয়ান ফাইন মর্নিং আমি ফোন করে বলিনি, বা কেউ পত্রিকা খুলে হঠাৎ জেনে যায়নি যে আমি বিয়ে করে ফেলেছি।”

সম্প্রতি দেওয়া এই সাক্ষাৎকারে অতীতের বিতর্কিত অধ্যায়ের পাশাপাশি সাইবার বুলিং এবং ব্যক্তিগত জীবনে মানসিক চাপের বিষয়েও কথা বলেছেন প্রভা।

আপনার জেলার সংবাদ পড়তে