কারাগারেও নেতাকর্মীদের আগলে রেখেছেন আসলাম চৌধুরী: বেলায়েত

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম
কারাগারেও নেতাকর্মীদের আগলে রেখেছেন আসলাম চৌধুরী: বেলায়েত

দীর্ঘ কারাবাস ও প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী (এফসিএ) দলীয় নেতাকর্মীদের সাহস, মনোবল ও সাংগঠনিক ঐক্য অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তাঁর দাবি, বন্দিজীবনের কঠিন সময়েও ব্যক্তিগত কষ্টকে আড়াল করে সংগঠন ও সহযোদ্ধাদের পাশে থাকার চেষ্টা করেছেন আসলাম চৌধুরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় প্রতিকূল সময়েই প্রকাশ পায়। তাঁর মতে, দীর্ঘ কারাবাসেও আসলাম চৌধুরী সংগঠনের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে সরে যাননি। বরং কারাগারের ভেতর থেকেই নেতাকর্মীদের খোঁজখবর রাখা, তাঁদের সাহস জোগানো এবং আন্দোলনের প্রতি আস্থা ধরে রাখতে সচেষ্ট ছিলেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমিও দুই থেকে তিনবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলাম। সে সময় আসলাম চৌধুরীর কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি। খুব কাছ থেকে দেখেছি, তিনি নিজের ব্যক্তিগত কষ্টের চেয়ে সংগঠন ও সহযোদ্ধাদের নিয়েই বেশি চিন্তা করতেন। কারাগারের ভেতর থেকেও তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন। তাঁদের মনোবল অটুট রাখতে সব সময় চেষ্টা করেছেন। একজন রাজনৈতিক নেতার জন্য এটি অনুকরণীয় দায়িত্ববোধের পরিচয়। দীর্ঘ কারাবাসের প্রভাব প্রসঙ্গে সিডিএ চেয়ারম্যান বলেন, বছরের পর বছর একজন মানুষ কারাগারে থাকলে তাঁর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও আর্থিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে। আসলাম চৌধুরীর ক্ষেত্রেও সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে। তিনি যদি বাইরে থাকতেন, তাহলে হয়তো ব্যাংকিং সংক্রান্ত অনেক জটিলতার সৃষ্টি হতো না। চলমান বিচারিক প্রক্রিয়ার বিষয়ে বেলায়েত হোসেন বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে দীর্ঘ কারাবাস এবং মানবিক বাস্তবতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা।

আসলাম চৌধুরীকে একজন মেধাবী, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা তাঁকে হারাতে চাই না। তাঁর মতো নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। সিডিএ চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে যে প্রত্যাশার বাংলাদেশ গড়ে উঠছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের এই বক্তব্যে আসলাম চৌধুরীর দীর্ঘ কারাবাস, সাংগঠনিক ভূমিকা এবং নেতাকর্মীদের প্রতি তাঁর দায়বদ্ধতা সম্পর্কে তাঁর ব্যক্তিগত মূল্যায়ন উঠে এসেছে। একই সঙ্গে তিনি বিচারাধীন বিষয়ে আদালতের প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে মানবিক বিষয়গুলো বিবেচনার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে