যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। ১৬ জুলাই দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।
আলোচনা সভায় ইউএনও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা হয়ে থাকবে।
অন্যান্য বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস,শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে সরকার এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।