সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল লক্ষ্ণীপুরের দুই ভাইয়ের প্রাণ

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৩:১৯ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৩:১৯ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল লক্ষ্ণীপুরের দুই ভাইয়ের প্রাণ

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় লক্ষ্ণীপুরের একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রাণ হারান লক্ষ্ণীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের দুই ছেলে-সজীব (বড়) ও সুজন (ছোট)। রাতেই তাদের সহকর্মীরা ফোনে পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যুর সংবাদে পরিবারে নেমে আসে শোকের মাতম।  স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। গলিপুর গ্রামজুড়ে বিরাজ করছে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন।

 বিভিন্ন বাগান থেকে খেজুর সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার পর বাজারে বিক্রি করতেন তারা। বুধবার রাতে একটি গাড়িতে খেজুর বোঝাই করে বাগান থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব ও সুজনের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে। একসঙ্গে দুই ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে