টাঙ্গাইলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার নয় দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শ্রী শ্রী কালীবাড়ির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন ও আলোচনা সভায় বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল হোড়, টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি পরিচালনা কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সকল বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে উলুধ্বনিতে রথটানের মধ্যদিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি পুনরায় কালীবাড়ি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাবালিয়া ইসকন মন্দির, বটতলা ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির কমিটি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে রথটান, পুজার্চ্চনা, আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসুচীতে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। আগামী ২৪ জুলাই শুক্রবার উল্টো রথটানের মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্ত হবে।