নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে বাঁশ দিয়ে মারতে আসার, নানান অকথ্য ভাষায় গালাগালি ও ইটপাটকেল নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার সফাপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শহিদুল ইসলাম অভিযোগ করেন যে, প্রতিবেসীদের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিবেসীরা তাদের বসতবাড়ির সামনে বেড়া দিয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর গত ১১ জুলাই বিকেলে প্রতিবেসীদের একদল পাতি হাঁস তাদের ধানের বীজতলা বিনষ্ট করলে শহিদুলের মা সাজেদা বেগম হাঁসগুলো তাড়িয়ে নিয়ে প্রতিবেসীদের বাড়িতে দিয়ে আসেন। এসময় তিনি হাঁসগুলো বেঁধে রাখার পরামর্শ দিলে প্রতিবেসীরা তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বেদম মারপিট করে। তার চিৎকারে শহিদুল এগিয়ে এলে তারা শহিদুলকেও মারপিট করে। একপর্যায়ে বাঁশ নিয়ে মারতে তাড়া করলে শহিদুল ও তার মা দৌড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নেন। প্রতিবেসীরা দরজায় ইটপাটকেল নিক্ষেপ করতে করতে দীর্ঘক্ষণ সেখানে অবস্থান নিয়ে নানান হুমকি দিতে থাকে। এব্যাপারে শহিদুল ইসলাম বাদি হয়ে প্রতিবেসী মৃত মজির উদ্দিনের তিন ছেলে হাফিজুর রহমান, হামিদুল ইসলাম ভুট্টু ও হাবিবুর রহমানের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মহাদেবপুর থানার এএসআই ফরিদ জানান, অভিযোগ পাবার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানতে চাইলে বৃহস্পতিবার রাতে মোবাইলফোনে প্রতিপক্ষ হাফিজুর রহমান জানান, ঘটনাটি মিমাংশার জন্য সফাপুর ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু বাদিরা আসেননি।