নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল, স্মরণসভা এবং আন্দোলনে আহতদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের রেলওয়ে মর্তুজা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর পৌর কমিটির আহবায়ক মোঃ জাবেদ আক্তারী। তিনি বলেন,শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের অবদান নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তব্য বলেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ মঞ্জুর আলম তম্ময়,এনসিপি নেতা আনোয়ারুল ইসলাম মানিক,নাফি আহমেদ,অপুসহ অনেকে।
স্মরণসভায় জুলাই আন্দোলনে আহতদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আহতরা আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা আরও বলেন,শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আগামী ২১ জুলাই নীলফামারী জেলায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে তাদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাতে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। অনুষ্ঠান আয়োজনে ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৈয়দপুর পৌর শাখা ও উপজেলা শাখা,জাতীয় যুবশক্তি এবং জাতীয় ছাত্রশক্তি।