চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যৌথ আয়োজনে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮জুলাই ২০২৬ খ্রি.) সকাল ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
এসময় তিনি বলেন, প্রেস ক্লাবের উদ্যোগে এই চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প ইতিহাস হয়ে থাকবে। প্রেস ক্লাবের মাধ্যমে এমন আয়োজন আমরা পূর্বে হতে দেখিনি। প্রতিবছর এমন আয়োজন হলে তা ব্যাপক প্রচার করলে, যারা গরীব অসহায় রয়েছে, তারা অনেক উপকৃত হবে। যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না। তারা এর মাধ্যমে উপকৃত হবেন।
তিনি বলেন, চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতাল, এটি অনেক উন্নতমানের হাসপাতাল। আমি একবার চোখে পানি পড়ায় সেখানে গিয়েছিলাম। আমাকে একটি ড্রপ দেওয়া হয়েছে। দেখলাম কয়েক ঘন্টা পর আমার চোখের সমস্যা কমে গিয়েছে। আমাদের চাঁদপুর চক্ষু হাসপাতালের মান অনেক ভালো। সেদিন আমি চক্ষু হাসপাতালে প্রচুর ভিড় দেখেছি। প্রতিদিন অনেক মানুষের সমাগম হয় এ হাসপাতালে। চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী জেলা থেকে প্রতিদিন সেবা গ্রহীতারা এ হাসপাতালে এসে চিকিৎসা গ্রহন করে। তাই আমরা সকলে মিলে চেষ্টা করব, এ হাসপাতালটাকে যেন অত্যাধুনিক হাসপাতালে রুপান্তর করা যায়। শিক্ষা চিকিৎসা এ দুইটা উন্নত করা যায়, তাহলে আমরা যে মডেল জেলার কথা চিন্তা করেছি, তা বাস্তাবায়ন করতে পারবো। আমরা সকলে মিলে চাঁদপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তুলবো।
তিনি আরো বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। গতকাল একটি অনুষ্ঠানে এ স্থানে বক্তব্য দেওয়ার পরে একজন সাংবাদিকের তথ্যের মাধ্যমে উপজেলা ইঞ্জিনিয়ার অনিয়মের অভিযোগে একটি কাজ বন্ধ করে দেয়। সাংবাদিকরা লেখনির মাধ্যমে অনেক অনিয়ম বাধাগ্রস্থ হয়, যার ফলে সরকারের অর্থ অপচয় কম হয়। সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রের অর্থ সঠিকভাবে খরচ করত পারি, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা প্রেস ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি। চাঁদপুর প্রেস ক্লাব রাজনীতিবিদ, প্রশাসনের সাথে সু-সম্পর্ক বজায় রেখে আগামীতে সুন্দর চাঁদপুর গড়তে আমাদের সহযোগিতা করবে। প্রেস ক্লাব আগামীতে এ প্রক্রিয়া যেন চলমান রাখে। প্রতি তিনমাস অন্তর অন্তর এ আয়োজন করলে ভালো হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্পের এ আয়োজনের সাথে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ টিমকে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এ প্রথম চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এ প্রাথমিক সেবা (চক্ষু চিকিৎসা, চশমা, ড্রপ, পেশার মাপা ও ডাক্তারী চিকিৎসা) ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের মানব সেবা চাঁদপুর প্রেস ক্লাবে আরো আয়োজন করা হবে।
তিনি বলেন, চাঁদপুরের উন্নয়নে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই মেগা প্রকল্প হাতে নিয়েছেন। আমরা চাঁদপুর প্রেস ক্লাব এমপি মহোদয়ের পাশে থেকে ওনার হাতকে শক্তিশালী করবো। চাঁদপুরের উন্নয়নে মানিক ভাইয়ের পাশে থাকবো। চাঁদপুরকে কিভাবে আরো উন্নত করা যায়, সেজন্য তিনি কাজ করছেন। তিনি অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও ড্যাব নেতা ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো.আবু জাফর, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপার পরিচালক জামাল সাকি। এসময় অনুষ্ঠানে
চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকগণের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জালাল চৌধুরী, বি এম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল পাটওয়ারী, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, এ এইচ এম আহসান উল্ল্যাহ, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষন চন্দ্র সূত্রধর,রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মেদ, সংবাদ প্রতিনিধি মো. মিজানুর রহমান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো: শাওন পাটওয়ারী, প্রেস ক্লাবের সদস্য একে আজাদ, মেডিক্যাল ক্যাম্প উদযাপন কমিটির আহ্বায়ক এম আর ইসলাম বাবু, সদস্য সচিব সেলিম রেজা, সদস্য মো. শরীফুল ইসলাম, সদস্য আহম্মদ উল্যাহ সহ অন্যরা।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা.নূরে আলম মজুমদার, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. হুমায়ন সাকি, গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার, প্যাথলজিস্ট মো. সিরাজুল ইসলাম, চক্ষু শিবির ক্যাম্পে সেবা প্রদান করেন চাঁদপুর মজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. নূর হোসেন শান্ত, রেসিপশনিস্ট মো. শরীফুল ইসলাম, চক্ষু সংক্রান্ত প্যারামেডিক মো. রাফি মিয়া। শুরুতেই চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন ভিজিট করার সুযোগ করে দেয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা কার্ড তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে আড়াই'শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কতৃপক্ষকে ধন্যবাদ কার্ড ও চিকিসক টিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা, চশমা, ড্রপ এবং ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃক স্বাস্থ্য সেবার মাধ্যমে পেশার মাপা, ব্লাড গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ক্যাম্পে চক্ষু চিকিৎসা সেবা গ্রহন করেন ১১৫জন, স্বাস্থ্য সেবা গ্রহন করেন ১২২জন।