বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, দেশের ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। দেশের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশপ্রেমিক সাধারণ জণগনকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সরকারের মাত্র ৫ মাস হয়েছে, এই অল্প সময়ে অনেকগুলো উন্নয়নমূলক কাজে হাত দেয়া হয়েছে। উন্নয়নমূলক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। কোন দুর্নীতি সহ্য করা হবেনা। দলের ও সরকারের বদনাম হবে, এমন কোন কাজ করা যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করতে নিরলসভাবে কাজ করছেন। জাতিকে রক্ষা করতে শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরী হয়ে পড়েছে। গত ১৭ জুলাই বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুরের চিরিরবন্দরে আউলিয়াপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আউলিয়াপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ওজির আলী শাহের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, সহকারি অধ্যাপক মেজবাহুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।