নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস উল্টে ৭মাসের এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৩ টায় কিশোরগঞ্জ হতে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে শুক্রবার রাতে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসটি শাল্টিবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে বর-কনেসহ মাইক্রোবাসে থাকা ১৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।