পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে যশোরের অভয়নগরে নওয়াপাড়া হাইওয়ে থানায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে নওয়াপাড়া হাইওয়ে থানার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থানা চত্বরে বৃক্ষরোপণ করেন খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ইয়াসির আরাফাত সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। বৃক্ষরোপণ শেষে রোপিত চারাগুলো নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।