সৈয়দপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত টিনের ঘর, মেলেনি সরকারি সহায়তা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০২:৪৩ পিএম
সৈয়দপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত টিনের ঘর, মেলেনি সরকারি সহায়তা

গত ২৫ এপ্রিল সৈয়দপুরে আঘাত হানা প্রবল শিলাবৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও এখনো সরকারি কোনো সহায়তা পাননি  ভিডিপির অসহায় এক সাধারণ সদস্য। ক্ষতিগ্রস্ত ওই সদস্যের বাড়ি সৈয়দপুর শহরের বিমানবন্দর বালাপুকুর খাটিয়া মহল্লায়। ভুক্তভোগী ভিডিপির সাধারণ সদস্য মো. মুন্না জানান,ভয়াবহ শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় তার বসতঘরের টিনের চালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় টিনে অসংখ্য ছিদ্র সৃষ্টি হওয়ায় এখন সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে।  আর্থিক সংকটের কারণে এখনো চালাটি মেরামত করতে পারেননি তিনি। ফলে পরিবারের সদস্যদের নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তার।

তিনি বলেন,ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ বা সহায়তা পাননি। অথচ একই দুর্যোগে ক্ষতিগ্রস্ত অনেকেই বিভিন্নভাবে সহায়তা পেয়েছেন। 

মহল্লাবাসীর মতে,দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ভিডিপির একজন সাধারণ সদস্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সরকারি সহায়তা না পাওয়া দুঃখজনক। তারা দ্রুত তার ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় অনুদান ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে ভিডিপির সাধারণ সদস্য মো. মুন্না সরকারি বরাদ্দের জন্য সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে আবেদন করেও কোন  সুফল পাননি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ তালিকার বাইরে থাকলে তদন্ত সাপেক্ষে তাকে সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন। এদিকে ভিডিপির অসহায় সাধারণ সদস্য মুন্নার ক্ষতিগ্রস্ত বসবাসের ঘর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার দৃষ্টি কামনা করেছেন অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে