রংপুরে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান আটকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু মৌজার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪’শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গঙ্গাচড়া থানা পুলিশ কাকিনা-রংপুর সড়কে ওৎ পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলে করে অভিযুক্ত সুমন মিয়া ও লুনা আক্তার তালুক হাবু এলাকায় আসলে পুলিশ তাদের থামায়। এ সময় মোটরসাইকেল তল্লাশী করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪’শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি আব্দুস ছবুর বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা সুমন ও লুনা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে থানা পুলিশ তাদের মাদকসহ হাতে নাতে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩৫ সিসি মোটরসাইকেল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে আটক দুই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।