নীলফামারীর সৈয়দপুরে কুল্লি মহল্লা বেসিক স্পোটিং ক্লাবের খুদে ক্রিকেট খেলোয়াড়দের হাতে ক্রীড়া উপকরণ তুলে দিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আবারও ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (২০ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে খুদে খেলোয়াড়দের হাতে ক্রিকেট ব্যাট, বল, স্টাম্প, গ্লাভসসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, "মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। উপজেলা প্রশাসন সবসময় খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিশু-কিশোরদের সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজের পাশাপাশি প্রশাসনও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ক্রিকেট সামগ্রী পেয়ে খুদে খেলোয়াড়রা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহযোগিতা তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে ভালো খেলোয়াড় হওয়ার স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা জোগাবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রশিক্ষণের ব্যবস্থা হলে সৈয়দপুর থেকে জাতীয় পর্যায়ের আরও প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। এ সময় খেলোয়ার আশরাফুল হক লিপটন বলেন,উপজেলা প্রশাসনের এ উদ্যোগ এলাকায় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।