নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান এমএম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব খুরশিদ আলম চৌধুরী ফুটন।
তিনি সেনবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অর্জুনতলা গ্রামের বাসিন্দা এবং সেনবাগ পৌরসভার প্রথম মেয়র মরহুম শাহ আলম চৌধুরীর ছেলে।
ছাত্রজীবন থেকেই খুরশিদ আলম চৌধুরী ফুটন সামাজিক, শিক্ষামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি ১৯৯৪-১৯৯৬ শিক্ষাবর্ষে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকায় বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে তাঁর নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী।
তাঁর নির্বাচনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বিদ্যালয়কে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি খুরশিদ আলম চৌধুরী ফুটন তাঁর ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।