কুড়িগ্রামের নাগেশ্বরীতে মৃত ব্যাক্তিকে এক ইউনিয়ন বিএনপির কমিটিতে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামখানা ইউনিয়নে। অভিযোগ উঠেছে রামখানা ইউনিয়ন বিএনপির কমিটিতে আফাজ উদ্দিন নামের একজন মৃত ব্যাক্তির নাম রেখেছেন উপজলা কমিটি। বিএনপির একাধিক কর্মী জানান, রামখানা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসীন্দা ছিলেন আফাজ উদ্দিন। তিনি এর আগে ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন। তিনি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মারা যান। তার জানাযা নামাজে উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অথচ সোমবার (২০ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত রামখানা ইউনিয়ন বিএনপির একটি নতুন কমিটি প্রকাশিত হলে কমিটির তালিকায় ওই মৃত ব্যাক্তি আফাজ উদ্দিনের নাম ১৮ নং সদস্য পদে দেখা গেছে। এছাড়াও অভিযোগ রয়েছে ওই কমিটিতে জামায়াতে ইসলামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নামও অন্তুর্ভুক্ত করা হয়েছে।
আরও অভিযোগ রয়েছে উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির কমিটিতে যারা স্থান পেয়েছে বিগত ১৭ বছরে তারা কখনই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না। পদ বঞ্চিত নেতাকর্মীরা জানান, যারা গত ১৭ বছর বিএনপির দুর্দিনে রাজপথে লড়াই সংগ্রাম করে আসছিলো তাদেরকে পদবঞ্চিত করে, যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা ভোগ করে আসছিলো তাদেরকে কমিটিতে স্থান দেয়া হয়েছে। এ বিষয়টিকে গ্রপিং এর কারণ বলে মনে করছেন তারা। এ অবস্থায় তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মীদের দাবি সঠিক তদন্ত করে উপজেলা ও ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া হোক।
বিষয়টি নিয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তার ফেসবুকে একটি কবর জিয়ারতের ছবি পোস্ট করে সেখানে লেখেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক, অধ্যাপক গোলাম রসুল রাজার স্যারের নেতৃত্বে রামখানা ইউনিয়ন বিএনপির ও যুবদলসহ রামখানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ সভপতি মরহুম আফাজ উদ্দিন চাচার কবর জিয়ারত করেন। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, আমিন।
এ বিষয়ে মৃত আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম জানান, তার স্বামী ৫ মাস আগে মারা গেছেন। মারা যাওয়ার পরদিন উপজেলা বিএনপির আহ্বায়কসহ কয়েকজন নেতাকর্মী কবর জিয়ারত ও দোয়া করে গেছেন।
রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সবুর উদ্দিন বিএসসি বলেন, ভুলক্রমে তার নাম কমিটিতে চলে এসেছে। তিনি বিএনপির কর্মী ছিলেন। তিনি যে মারা গেছেন, উপজেলা কমিটি যে বিষয়টি জানত না।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।