শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে রংপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রংপুর নগরীর নিসবেতগঞ্জ জরিমুন নেছা স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর।
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের কুফল, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং অন্যদেরও সচেতন করতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় তারা মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর জানায়, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।