নওগাঁর মহাদেবপুরে সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপির রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ উদ্বোধন করেন। এসময় মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোবারক আলী, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল ও সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান জানান, এলাকার অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ৮২ দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত উপজেলার সদর, এনায়েতপুর, খাজুর, চাঁন্দাশ, সফাপুর, রাইগাঁ ও চেরাগপুর ইউনিয়নের মোট ৩৩৪ দুঃস্থ পরিবারের মধ্যে ১৫ কেজি করে মোট পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।