টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার (২২ জুলাই) সকাল থেকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সব মিলিয়ে ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানি দ্রুত নদী দিয়ে প্রবাহিত হতে পারে।
স্থানীয় সূত্র জানায়, নদীর পানি বাড়তে থাকায় ডিমলা, জলঢাকা ও আশপাশের চরাঞ্চলের অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। কৃষিজমি, সবজি ক্ষেত ও আমন ধানের বীজতলা পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। ডালিয়া ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, উজান থেকে আসা পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে স্থানীয় প্রশাসন নদী তীরবর্তী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি অমিতাভ চৌধুরী জানান, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি আরও বাড়তে পারে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।